স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র কর্নেল নিজামুদ্দিন।

স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র কর্নেল নিজামুদ্দিন।
কর্নেল নিজামুদ্দিন (আসল নাম সাইফুদ্দিন) ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র ও বীর সৈনিক, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত বিশ্বস্ত দেহরক্ষী ও ব্যক্তিগত চালক হিসেবে কাজ করেছিলেন। ১৯৪৩ সালে বার্মার (বর্তমান মায়ানমার) জঙ্গলে নিজের জীবন বাজি রেখে নেতাজিকে লক্ষ্য করে ছোঁড়া তিনটি গুলি নিজের বুকে ও কাঁধে পেতে নিয়ে তিনি নেতাজির প্রাণ বাঁচিয়েছিলেন। এই মহান বীরের জীবনাবসান ঘটে ৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে প্রায় ১১৬ বছর বয়সে। 
কর্নেল নিজামুদ্দিন ১৯০১ সালে উত্তর প্রদেশের আজমগড় জেলার ঢাকওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলার নাম ছিল সাইফুদ্দিন। তাঁর বাবা ইমাম আলী রেঙ্গুনে (মায়ানমার) একটি ক্যান্টিন চালাতেন। কিশোর বয়সে মায়ের দেওয়া কিছু টাকা বাক্সে না রেখে তিনি বাড়ি থেকে পালিয়ে কলকাতার জাহাজে চড়ে রেঙ্গুন চলে যান। প্রথমে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু একদিন এক ব্রিটিশ অফিসারকে বলতে শোনেন, "ভারতীয় সৈন্যদের মরতে দাও, কিন্তু গাধাগুলোকে বাঁচাও কারণ ওরা রসদ বহন করে"। এটি শুনে ক্ষিপ্ত হয়ে তিনি সেই ব্রিটিশ অফিসারকে গুলি করেন এবং পালিয়ে সিঙ্গাপুর চলে যান। 
 সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতিতে তিনি নিজের নাম বদলে 'নিজামুদ্দিন' রাখেন এবং আজাদ হিন্দ ফৌজে (INA) যোগ দেন। ১৯৪৩ সালে সিঙ্গাপুর থেকে নেতাজির কমান্ডে আজাদ হিন্দ ফৌজ যখন বার্মার জঙ্গলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন একটি ঐতিহাসিক ঘটনা ঘটে -একদিন জঙ্গলের ভেতরে নেতাজি তাঁর সহযোগীদের সাথে ছিলেন। হঠাৎ নিজামুদ্দিন দেখতে পান ঝোপের আড়াল থেকে একটি বন্দুকের নল সরাসরি নেতাজির দিকে তাক করা আছে।  বিন্দুমাত্র চিন্তা না করে নিজামুদ্দিন নেতাজির সামনে ঝাঁপিয়ে পড়েন। আততায়ীর ছোঁড়া তিনটি গুলি নেতাজির গায়ে না লেগে সরাসরি নিজামুদ্দিনের হাত, কাঁধ ও উরুতে এসে লাগে। গুলিতে তিনি জ্ঞান হারান। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর (ঝাঁসির রানি রেজিমেন্ট) প্রধান ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলিগুলো বের করেন। নিজামুদ্দিনের এই অসামান্য আনুগত্য ও বীরত্বে মুগ্ধ হয়ে নেতাজি নিজে তাঁকে বুকে জড়িয়ে ধরেন এবং 'কর্নেল' উপাধিতে ভূষিত করেন। এর পর থেকে তিনি নিছক চালক নন, নেতাজির সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে ওঠেন।
নেতাজিকে মালয়ের (মালয়েশিয়া) এক রাজা একটি বিলাসবহুল ১২-সিলিন্ডার গাড়ি উপহার দিয়েছিলেন। কর্নেল নিজামুদ্দিন সেই গাড়ি চালিয়ে নেতাজিকে বিভিন্ন বিপজ্জনক মিশনে নিয়ে যেতেন। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তিনি সর্বদা নেতাজির পাশে ছিলেন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়। নেতাজির নির্দেশে নিজামুদ্দিন রেঙ্গুনেই থেকে যান এবং সেখানে আজবুল নিশা নামের এক নারীকে বিয়ে করে ব্যাংকের চালকের চাকরি নেন। 
১৯৬৯ সালে বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটলে তিনি সপরিবারে ভারতে ফিরে আসেন এবং আজমগড়ের পৈতৃক বাড়িতে বসবাস শুরু করেন।  তিনি তাঁর আজমগড়ের বাড়ির নাম রেখেছিলেন 'হিন্দ ভবন' এবং বাড়ির ছাদে সর্বদা ভারতের জাতীয় পতাকা উড়িয়ে রাখতেন। তিনি সব সময় 'জয় হিন্দ' বলে মানুষকে অভিবাদন জানাতেন। 

কর্নেল নিজামুদ্দিন আজীবন নেতাজির আদর্শ বুকে নিয়ে বেঁচে ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসীতে একটি জনসভায় এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিলেন। তবে আক্ষেপের বিষয় হলো, দেশের জন্য এবং নেতাজির জন্য এত বড় ত্যাগ স্বীকার করা সত্ত্বেও দীর্ঘ সময় তিনি এবং তাঁর পরিবার চরম আর্থিক অনটনে দিন কাটিয়েছেন এবং উপযুক্ত রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি এই মহান আজাদী সৈনিকের জীবনাবসান ঘটে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। 

Comments

Popular posts from this blog

বাংলা ভাষায় ইসলামী সংস্কৃতির প্রভাব।

ভারত বর্ষের স্বাধীনতা সংগ্রামে শেরশাহবাদি সম্প্রদায়ের অবদান। আব্দুর রাকিব নাদভী

বাংলা সাহিত্যের উপর ইসলামী সভ্যতার প্রভাব