ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য
ওয়াকফ আইন ও মুসলিম ঐক্য
ওয়াকফ একটি ধর্মিয় বিষয়, মুসলিমদের সম্পত্তি, ইসলামিক শরীয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এর মধ্যে হস্তক্ষেপ শরিয়তে হস্তক্ষেপ, ওয়াকফ সম্পর্কে ইসলামে স্পষ্ট বিধান রয়েছে, বর্তমান সরকার কৌশলে এটি দখল করতে চায়, আমরা মুসলিম সমাজ সরকারের হস্তক্ষেপ কখনো মেনে নিতে পারি না, এটি হচ্ছে মুসলিমদের ঈমান ও অস্তিত্বের লড়াই, দেশের সংবিধান দেশের সকল নাগরিককে তাদের নিজস্ব ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু ওয়াকফ সম্পর্কে হস্তক্ষেপ মানেই সংবিধানে প্রদত্ত মুসলিমদের মৌলিক অধিকার ছিন্ন করা, এই নতুন ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ মূলত দেশের সংবিধান বিরোধী আইন, দেশের সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা দেশের সুনাগরিক ও বুদ্ধিজীবীরা কখনো মেনে নিতে পারে না, যেমন দেশ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব ঠিক সেভাবেই
দেশের সংবিধান রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব ও আবশ্যিক করণীয়।
আজকে ভারতীয় মুসলিম সমাজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয় এটি ভারতের সমগ্র নিরপেক্ষ ও বুদ্ধিজীবী এবং ঐ সকল মানুষ যারা দেশের সংবিধানে আস্থা রাখে বিশেষ করে মুসলিম সমাজ কে ব্যাথিত ও চিন্তিত করেছে, দলমত জাতি ও ধর্ম নির্বিশেষে দেশের সংবিধানের রক্ষার্থে আমাদের উচিত এই কালো আইনের বিরুদ্ধে গর্জে উঠা এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী প্রতিবাদ করা।
এই সংকটময় প্রস্তুতি ভারতের মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে, এটি আনন্দের সংবাদ, কিন্তু প্রশ্ন হলো মুসলিমদের মধ্যে এই জাগরণ এবং ঐক্য শুধু কি ক্ষণিক প্রতিক্রিয়া নাকি এটি একটি স্থায়ী রাজনৈতিক-সামাজিক পুনরুত্থানের সূচনা?
অতীতে আমরা দেখেছি, সংকটের সময় মুসলিম সমাজ সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে, ২০১৯-২০ সালে CAA-বিরোধী আন্দোলন কিংবা ১৯৯২ সালের বাবরি মসজিদ আন্দোলন—প্রতিটি ক্ষেত্রেই বহুমুখী মতাদর্শের মানুষ এক প্ল্যাটফর্মে সমবেত হয়েছিল। আজও ওয়াকফ আইনের প্রস্তাব মুসলিম নেতৃত্ব ও সাধারণ মানুষকে এক কাতারে এনেছে। কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি: আবেগী প্রতিবাদ যদি সংগঠিত কৌশলে রূপ না পায়, তবে তা সরকারের দমনপীড়নের মুখে দুর্বল হয়ে পড়বে।
মুসলিম সমাজের সবচেয়ে বড় দুর্বলতা হলো নেতৃত্বের অভাব ও বিভক্তি, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বের মধ্যে আস্থার অভাব, ক্ষমতার দ্বন্দ্ব এবং আদর্শিক সংঘাত ঐক্যকে বারবার ধ্বংস করেছে। আমাদের করণীয় ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতি এবং সমাজের কল্যাণের জন্য এগিয়ে আসা। ওয়াকফ আইন শুধু একটি আইন নয়, এটি মিল্লাতের ভবিষ্যৎ নির্ধারণের একটি পরীক্ষা। সময় এসেছে ইতিহাসের সঠিক দিকে পা বাড়ানোর।
করণীয় ও প্রয়োজন:
১. একটি সর্বজনীন প্ল্যাটফর্ম: যা ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীগুলিকে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে।
২. নেতৃত্বের সমন্বয়: ব্যক্তিগত অহংকার ত্যাগ করে যৌথ নেতৃত্ব গঠন।
৩.দীর্ঘমেয়াদি কৌশল: শুধু আইনি লড়াই নয়, জনমত গঠন, অর্থনৈতিক স্বাবলম্বন এবং যুবশক্তির সম্পৃক্ততা জরুরি।
ভবিষ্যৎ রূপরেখা: শুধু প্রতিবাদ নয়, পুনর্গঠন
ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই শুধু একটি আইনি যুদ্ধ নয়, এটি মুসলিম সমাজের আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের লড়াই। এই আন্দোলনকে কাজে লাগাতে হবে:
শিক্ষা ও অর্থনীতির সংস্কার: মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগকে শক্তিশালী করা।
যুবশক্তির অংশগ্রহণ: সামাজিক মিডিয়া ও ডিজিটাল actives -এর মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করা।
অন্য মাইনরিটিদের সাথে জোট: দলিত, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সাথে সমন্বয় করে বৃহত্তর সাংবিধানিক লড়াই গড়ে তোলা।
এখন মুসলিম সমাজের সামনে দুটি পথ: হয় তারা এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সংহত, প্রগতিশীল শক্তিতে পরিণত হবে, নয়তো বিভেদ ও নিষ্ক্রিয়তার মধ্যে হারিয়ে যাবে। বিশ্ব পালনকর্তা আল্লাহ রব্বুল আলামীন স্বয়ং বলেন:
إِنَّ اللَّـهَ لا يُغَيِّرُ ما بِقَومٍ حَتّى يُغَيِّروا ما بِأَنفُسِهِم
আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। (সুরা রাদ আয়াত নং ১১)।
আল্লাহ রব্বুল আলামীন আরো বলেন:
وَاعتَصِموا بِحَبلِ اللَّهِ جَميعًا وَلا تَفَرَّقوا ۚ وَاذكُروا نِعمَتَ اللَّهِ عَلَيكُم إِذ كُنتُم أَعداءً فَأَلَّفَ بَينَ قُلوبِكُم فَأَصبَحتُم بِنِعمَتِهِ إِخوٰنًا وَكُنتُم عَلىٰ شَفا حُفرَةٍ مِنَ النّارِ فَأَنقَذَكُم مِنها ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُم ءايٰتِهِ لَعَلَّكُم تَهتَدونَ
অর্থ: আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার। (সুরা আল ইমরান আয়াত নং ১০৩)।
দুয়া: হে আল্লাহ! আমাদের রব! তুমি আমাদেরকে শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা কর, পূর্ণ ঈমানের সহিত জীবিত থাকার তৌফিক দাও। আমীন।
Comments
Post a Comment